অনলাইন ডেস্ক:
বলিউড সুপারস্টার হৃতিক রোশন এবং তার প্রাক্তন স্ত্রী সুজান খান একসময় ছিলেন বলিউডের আলোচিত পাওয়ার কাপল। ভালোবাসার বিয়ে করলেও ২০১৪ সালে তাদের ১৪ বছরের সংসার বিচ্ছেদে গড়ায়। তবে বিচ্ছেদের পরও তাদের বন্ধুত্ব অটুট রয়েছে।
বর্তমানে হৃতিক সম্পর্কে রয়েছেন অভিনেত্রী ও গায়িকা সাবা আজাদের সঙ্গে। অন্যদিকে, সুজান প্রেম করছেন কাশ্মীরের অভিনেতা আর্সলান গোনির সঙ্গে। দুজনই নিজেদের নতুন সম্পর্ক নিয়ে প্রকাশ্যে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
সম্প্রতি হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে, হৃতিক রোশন, তার প্রেমিকা সাবা আজাদ, প্রাক্তন স্ত্রী সুজান খান, সুজানের প্রেমিক আর্সলান গোনি, এবং তাদের ছেলে হৃদান একসঙ্গে দুবাইতে সময় কাটাচ্ছেন।
সুজান ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যায় হৃতিক, তাদের ছেলে হৃদান, আর্সলান গোনি, এবং অভিনেতা উদয় চোপড়া। এ সময় নার্গিস ফাখরি ও তার প্রেমিক টনি বেগ এবং সুজানের ভাই জায়েদ খানও স্ত্রী ও সন্তানদের নিয়ে সেখানে উপস্থিত ছিলেন।
হৃতিক ও সুজান ২০০০ সালে প্রেমের পরিণতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের বিচ্ছেদ হয় ২০১৪ সালে। সুজান পরে আর্সলানের সঙ্গে সম্পর্কে জড়ান, আর হৃতিক সাবার সঙ্গে প্রেম শুরু করেন ২০২১ সালে।
তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রাক্তন দম্পতিদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে। ব্যক্তিগত জীবনে আলাদা হলেও সন্তান এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে মিলেমিশে সময় কাটানোর এই উদাহরণ হৃতিক ও সুজানকে ভক্তদের কাছেও অনন্য করে তুলেছে।











