প্রেস ক্লাব এলাকায় ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত অর্ধশত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর প্রেস ক্লাব এলাকায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে বিক্ষোভরত শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত অর্ধশত শিক্ষক আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত শিক্ষকরা জানান, ১৭ দিন ধরে প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তারা। আজ দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ সাউন্ড গ্রেনেড, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। এতে বহু শিক্ষক আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “প্রেস ক্লাব এলাকা থেকে প্রায় অর্ধশত আহত শিক্ষক হাসপাতালে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।”

অন্যদিকে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মুনসুর জানান, “দুপুরের দিকে শিক্ষকরা সচিবালয়ের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারগ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়।”

ওসি আরও জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।