ফিলিস্তিনে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক:

ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ বন্ধে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সোমবার (২৯ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত ‘জাতিসংঘ হাই লেভেল ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর দ্য পিসফুল সেটেলমেন্ট অব দ্য কোয়েশ্চেন অব প্যালেস্টাইন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের মন্ত্রীপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশসহ ১১৮টি দেশের প্রতিনিধিদল অংশ নিচ্ছে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “ইসরায়েল এ পর্যন্ত ৫৮ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যা একটি অব্যাহত গণহত্যার উদাহরণ। এই মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ীদের অবশ্যই আন্তর্জাতিক বিচারের আওতায় আনতে হবে।”

তিনি জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মো. তৌহিদ হোসেন বাংলাদেশের পক্ষ থেকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, “বাংলাদেশ গাজার পুনর্গঠনে জাতিসংঘের নেতৃত্বে যে কোনো উদ্যোগে অংশগ্রহণে প্রস্তুত।”

একই সঙ্গে তিনি জাতিসংঘের ত্রাণ কার্যক্রমে বাধা প্রদানের যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার জন্য আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানান।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসনে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। চলমান সহিংসতার মধ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়, যাতে ফিলিস্তিন সংকটের একটি টেকসই ও শান্তিপূর্ণ সমাধান নিয়ে বিশ্ব সম্প্রদায়ের ঐক্য গড়ে তোলা সম্ভব হয়।