ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ফাইল ছবি

জেলা প্রতিনিধি :

ফেনীর পরশুরাম উপজেলার বাসপদুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। ২৪ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম মিল্লাত হোসেন (২১), তিনি বাসপদুয়া গ্রামের ইউছুফ মিয়ার ছেলে। আহত আফছার উদ্দিন (৩১) একই এলাকার মৃত এয়ার আহমদের সন্তান।

স্থানীয় বাসিন্দা মজনু জানান, রাত সাড়ে ১১টার দিকে সীমান্ত এলাকায় গুলির শব্দ শুনে তারা ছুটে যান এবং ঘটনাস্থল থেকে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে মিল্লাত হোসেনের মৃত্যু হয়।

পরিবারের দাবি, মিল্লাত ও আফছার মাছ ধরতে সীমান্ত এলাকায় যান। এ সময় ভারতীয় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়।

এ বিষয়ে ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “বাসপদুয়া সীমান্ত এলাকা চোরাকারবারি প্রবণ। তবে ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক হতাহতের ঘটনায় তাৎক্ষণিক মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।”

সীমান্তে বারবার বাংলাদেশি নাগরিক হতাহতের ঘটনা নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে, এবং সংশ্লিষ্ট মহলের দাবি—বিএসএফের আচরণের বিষয়ে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করা জরুরি।