অনলাইন ডেস্ক:
কমিটি অনুমোদনের মাত্র চার ঘণ্টার মাথায় ফেসবুকে পোস্ট দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নোয়াখালীর সুবর্ণচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করেছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার দিদারুল আলম।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এনসিপির নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক কাজী মাঈন উদ্দীন তানভীর ও সদস্য সচিব মোহাম্মদ ইকবাল হোসেনের স্বাক্ষরে ২৩ সদস্যের কমিটিটি অনুমোদন দেওয়া হয়েছিল। এর পরই রাত ১১টা ২৭ মিনিটে নিজের ফেসবুক আইডিতে এক পোস্ট দিয়ে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন খন্দকার দিদারুল আলম।
তার দাবি, কমিটি গঠনের আগে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করায় তিনি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘এনসিপি থেকে পদত্যাগ করলাম। আজ থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’











