বগুড়া শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্কুলছাত্র ফাহিম নিহত

জেলা প্রতিনিধি :

বগুড়া শহরে ১০ ফেব্রুয়ারি রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ১৬ বছর বয়সী স্কুলছাত্র ফাহিম হোসেন নিহত হয়েছেন। ঘটনা ঘটে বগুড়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে, রাত পৌনে ৮টার দিকে।

নিহত ফাহিম হোসেন বগুড়া শহরের চক ফরিদ কলোনীর ফরহাদ হোসেনের ছেলে এবং ফয়েজুল্লা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, সিনিয়র-জুনিয়রদের মধ্যে তুচ্ছ একটি বিষয় থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে।

বগুড়া সদরের বনানী পুলিশ ফাড়ির ইনচার্জ ফজলে এলাহী জানান, পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে কয়েকজন দুর্বৃত্ত ফাহিমকে উপুর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, হত্যার কারণ এখনও জানা যায়নি, তবে বিষয়টির তদন্ত চলছে।