বাংলাদেশের ক্রিকেটে নজিরবিহীন ঘটনা, অভিষেকেই লজ্জার বিশ্বরেকর্ডে নাম লেখালেন রবিন
অনলাইন ডেস্ক:
ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করে রান পাহাড়ে চড়ে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন মাহফিজুল ইসলাম রবিন। তবে টেস্ট ক্যারিয়ারের প্রথম ম্যাচেই তিনি ফিরেছেন কোনো রান না করেই, যা জন্ম দিয়েছে এক বিব্রতকর রেকর্ডের।
ম্যাচের শুরুতেই ব্যাটিংয়ে নেমেছিলেন রবিন। আন্তর্জাতিক ক্রিকেটের চাপ ও অনভিজ্ঞতার কারণেই হয়তো দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার অফ স্টাম্পের বাইরের বলটি ডিফেন্ড করতে চেয়েছিলেন তিনি। আর সেই শটটেই বিপদ ডেকে আনে তার জন্য; ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্লিপে, যেখানে ক্যাচ লুফে নিতে কোনো ভুল করেননি মার্কো ইয়ানসেন। ফলে ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফিরতে হয় তাকে।
এই শূন্য রানে আউট হওয়ার মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিরল এক রেকর্ড গড়েছেন এই বাংলাদেশি ব্যাটার। টেস্ট অভিষেকে ম্যাচের প্রথম বলেই আউট হওয়া মাত্র চতুর্থ ওপেনার হিসেবে এই তালিকায় নাম লিখিয়েছেন তিনি। তবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এর আগে কোনো ওপেনার এমন অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মুখোমুখি হননি। দেশের হয়ে এই তালিকায় প্রথম নাম লেখালেন রবিনই।
টেস্টের ইতিহাসে ম্যাচের প্রথম বলে আউট হওয়ার এই ঘটনার সূত্রপাত হয়েছিল প্রোটিয়াদের এই মাটিতেই। ১৯৯২ সালে ভারতের বিপক্ষে ম্যাচে অভিষেক হওয়া দক্ষিণ আফ্রিকার ওপেনার জিমি কুক ম্যাচের প্রথম বলেই আউট হয়ে এই রেকর্ডের সূচনা করেছিলেন। এই তালিকার দ্বিতীয় নজিরটিতেও রয়েছে দক্ষিণ আফ্রিকার নাম, তবে ২০০১ সালের সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের অভিষিক্ত ওপেনার লিওন গ্যারিক ম্যাচের শুরুর বলে বিদায় নিয়েছিলেন। এরপর তৃতীয় নজির গড়েছিল আফগানিস্তান, যেখানে ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আব্দুল মালিক একইভাবে আউট হয়ে ইতিহাস রচনা করেছিলেন। এবার সেই দীর্ঘ তালিকায় নতুন সংযোজন হিসেবে যুক্ত হলো রবিন নাম।
