সোলানোর নিখুঁত কৌশলে স্তব্ধ বাংলাদেশ, কাঠগড়ায় কোচ ডুলির ব্যর্থতা
অনলাইন ডেস্ক:
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে বাংলাদেশের হারের নেপথ্যে বড় ভূমিকা রেখেছেন প্রতিপক্ষ কোচ নলবার্তো সোলানো। মাঝমাঠে নিচু ব্লক তৈরি করে লাল-সবুজ জার্সিধারীদের আটকে রাখার কৌশল দারুণভাবে কাজে লাগিয়েছেন তিনি, যেখানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন বাংলাদেশ দলের কোচ টমাস ডুলি। এমন কড়া মূল্যায়ণ তুলে ধরেছেন জাতীয় দলের সাবেক এই সহকারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টু।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে মিন্টু লিখেছেন, ‘পাকিস্তান দলের ম্যানেজার নলবের্তো সোলানোকে কেউ যথেষ্ট কৃতিত্ব দিচ্ছে না। মিড-লো ব্লক ট্র্যাপ দিয়ে তিনি চমৎকারভাবে মিডফিল্ড আটকে ফেলার এক দুর্দান্ত পরিকল্পনা করেছিলেন! ৫-৩-২ বা ৫-৪-১ ফরম্যাটের এই সেটআপ বাংলাদেশকে একেবারে স্তব্ধ করে দিয়েছিল, যেখানে কোচ ডুলির কোনও পরিকল্পনা ছিল না! বাংলাদেশের কোচ ডুলির জন্য বিষয়টি অত্যন্ত হতাশাজনক।’
নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি আরও যোগ করেন, ‘ইকবালের মতো সেন্টার ব্যাকদের মান ও শারীরিক শক্তিমত্তা এবং তাদের রক্ষণাত্মক দেয়াল বাংলাদেশের খেলোয়াড়দের মনোবল ভেঙে দিয়েছিল! সোলানো আবারও এক দুর্দান্ত পরিকল্পনা উপহার দিলেন, আর ডুলির কোনও ধারণাই নেই, কীভাবে প্রতিপক্ষের বিরুদ্ধে কৌশল সাজাতে হয়! বাংলাদেশ ফুটবলে এক লজ্জাজনক পরাজয়! স্মরণ রাখবেন: ফুটবল হলো কোচের খেলা। বাংলাদেশ ফুটবলের জন্য এটি একটি ভয়ানক ও হতাশার রাত।’
