নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে সস্তামূল্যে তেল সরবরাহে সম্মত হয়েছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো। এ তথ্য মঙ্গলবার (৪ মার্চ) সাংবাদিকদের জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার সৌদি আরবসহ দুটি দেশ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দেশে ‘নৈতিক পুলিশিং’ কিংবা ‘মব জাস্টিস’-এর কোনো সুযোগ নেই। এ ধরনের ঘটনার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থান নিয়েছে। তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার নারীর বিরুদ্ধে কোনো সহিংসতাকে সমর্থন করে না।
এর আগে, ৫ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আলোচনায় ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান বলেন, সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আরামকো বাংলাদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের চেষ্টা করলেও তা সফল হয়নি। ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে তিন দফায় বাংলাদেশে এলেও প্রতিষ্ঠানের প্রতিনিধিদলকে স্বাগত জানানো হয়নি। তবে, বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো বাংলাদেশে তেল শোধনাগার নির্মাণে বিনিয়োগ করতে আগ্রহী।
এ সময়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি, বাংলাদেশ সবচেয়ে ভালো বিনিয়োগবান্ধব দেশ, তবে এটি সবসময় বাস্তবতার সঙ্গে মেলে না। বর্তমান সরকার বিনিয়োগকারীদের জন্য ব্যবসা সহজ করার ব্যবস্থা নিচ্ছে এবং সৌদি বিনিয়োগকারীরা এখন ভালো একটি পরিবেশ পাবেন।”











