নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর ও বহুমুখী করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস টোকিও সফরে যাচ্ছেন। আগামী ২৮ মে ঢাকা ত্যাগ করে তিনি জাপানের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন ‘নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া’তে অংশগ্রহণ করবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবারার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।
এই সফরের মূল উদ্দেশ্য হলো দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে নতুন উদ্যোগ ও সমঝোতা চুক্তি চূড়ান্ত করা। সফরে ছয় থেকে সাতটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকে সইয়ের প্রস্তুতি রয়েছে, যার মধ্যে রয়েছে বাজেট সহায়তা, সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ), বিদ্যুৎ খাতে কৌশলগত সহযোগিতা, বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলের জন্য ভূমি সংক্রান্ত সমঝোতা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ উন্নয়ন ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্রে জানা গেছে, এবারের সফরে বাংলাদেশ জাপানের কাছ থেকে ১০০ কোটি মার্কিন ডলারের বাজেট সহায়তা প্রত্যাশা করছে। এই সহায়তা দুই দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন প্রকল্প ও সম্পর্কের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে।
দ্বিপক্ষীয় বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা ও সাংস্কৃতিক সহযোগিতা ছাড়াও রোহিঙ্গা সংকট, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ সরকার আশা করছে, এই আলোচনাগুলো দেশের কৌশলগত ও উন্নয়ন লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।










