অনলাইন ডেস্ক:
দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে রাখা সব কর্মকর্তার সেইফ ডিপোজিট সাময়িকভাবে ফ্রিজ (স্থগিত) করার জন্য গভর্নরকে চিঠি দিয়েছে। এর মাধ্যমে দুদক নিশ্চিত করতে চায়, যাতে কোনো কর্মকর্তা রক্ষিত মালামাল লকার খুলে নিতে না পারেন।
দুদকের পরিচালক (উপসচিব) কাজী সায়েমুজ্জামান গতকাল মঙ্গলবার এ তথ্য জানান। চিঠিতে বলা হয়, গত ২৬ জানুয়ারি আদালতের অনুমতিতে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুর্নীতি দমন কমিশনের একটি দল বাংলাদেশ ব্যাংকের কয়েন ভল্টে রক্ষিত সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর সেইফ ডিপোজিট তল্লাশি করে। তল্লাশির সময় তিনটি সিলগালা কৌটায় ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার, ১০০৫ দশমিক ৪ গ্রাম স্বর্ণ এবং ৭০ লাখ টাকার এফডিআর পাওয়া যায়।
এছাড়া, রেজিস্ট্রার পরীক্ষা করে দেখা যায়, সেখানে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাদের সিলগালা করা আরও কিছু সেইফ ডিপোজিট রয়েছে। এসব কৌটাতে অপ্রদর্শিত সম্পদ থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে দুদক।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ পাচারসহ বেশ কয়েকটি অভিযোগে দুদকের অনুসন্ধান চলছে। গত ৩০ জানুয়ারি দুদক চেয়ারম্যান এবং অর্থ উপদেষ্টার মধ্যে ‘দুদক ও সম্পদ পুনরুদ্ধার বিষয়ক’ আলোচনার পর, অর্থ উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত সম্পদ সাময়িক ফ্রিজ করার সম্মতি দিয়েছেন।











