বাংলাদেশ-ভারতের পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ও ভারতের মধ্যে আগামী ১৭-১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া পঞ্চম দফার কনস্যুলার সংলাপ শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি হওয়ার কথা ছিল।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, অত্যন্ত গোপনীয়তার সঙ্গেই সংলাপটি স্থগিতের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন ঘিরে দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। মূলত এই পরিস্থিতির জের ধরেই নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এই পঞ্চম পর্বের কনস্যুলার সংলাপ ঢাকায় আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। এবারের সংলাপে সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন এবং পারস্পরিক আইনি সহযোগিতাসহ দ্বিপক্ষীয় নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার এজেন্ডা হিসেবে নির্ধারিত ছিল।
উল্লেখ্য, দুই দেশের মধ্যকার পারস্পরিক বোঝাপড়া বাড়াতে ২০১৭ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়। এরপর থেকে এখন পর্যন্ত উভয় দেশের মধ্যে সফলভাবে চার দফা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সর্বশেষ, ২০২৪ সালের মে মাসে ভারতের রাজধানী নয়াদিল্লিতে চতুর্থ দফার সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।
