জেলা প্রতিনিধি :
বান্দরবানে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের দুইজনসহ তিনজনের মৃত্যু হয়েছে।
রবিবার দিবাগত রাত ২টার দিকে জেলার চিম্বুক সড়কের রাংলাই হেডম্যানপাড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—তুমলে ম্রো (১৭), তার মা উরকান ম্রো (৭১), এবং মেনরাও ম্রোর স্ত্রী রওলেং ম্রো (৩৬)।
স্থানীয় হেডম্যান রাংলাই ম্রো জানান, রাতে হঠাৎ করে পাড়ার পাশে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। আগুন সঞ্চালন লাইনে ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে তা নিভানোর চেষ্টা করতে গিয়ে তুমলে ও উরকান ঘটনাস্থলেই বিদ্যুতায়িত হয়ে মারা যান। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান রওলেং ম্রো।
তিনি আরও জানান, কয়েকদিন ধরেই ওই ট্রান্সফরমারে ত্রুটি দেখা যাচ্ছিল। স্থানীয়ভাবে বিষয়টি একাধিকবার বিদ্যুৎ বিভাগকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে বান্দরবান বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন বলেন, “ঘটনার বিষয়ে জেনেছি। প্রকৌশলীদের একটি দল তদন্তের জন্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে। একই সঙ্গে পুলিশও সেখানে যাচ্ছে।”
এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।











