বার্সেলোনার দাপুটে জয়, সেভিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে শীর্ষে রিয়ালের আরও কাছে

অনলাইন ডেস্ক:

গত রোববার সেভিয়াকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের আরও কাছে পৌঁছে গেলো বার্সেলোনা। এই জয়ে তৃতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট এখন ৪৮, যা দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের (৪৯) চেয়ে এক পয়েন্ট কম এবং শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের (৫০) চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে।

ম্যাচের শুরুতেই বার্সেলোনা এগিয়ে যায়। সপ্তম মিনিটে লেওয়ানডোস্কি কাছ থেকে গোল করে দলকে এগিয়ে নেন। তবে মাত্র এক মিনিট পর সেভিয়ার রুবেন ভার্গাস পাল্টা আক্রমণ থেকে গোল করে সমতা ফেরান।

দ্বিতীয়ার্ধে ৪৭তম মিনিটে লোপেজ বার্সেলোনাকে আবার এগিয়ে দেন। এরপর ৫৫তম মিনিটে রাফিনহা বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ব্যবধান বাড়ান।

যদিও ৬০ মিনিটে বার্সেলোনা ১০ জনে পরিণত হয়। লোপেজ বিপজ্জনক ট্যাকলের কারণে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে বার্সেলোনা তা সত্ত্বেও সেভিয়ার আক্রমণ প্রতিহত করে রাখে এবং ৮৯তম মিনিটে এরিক গার্সিয়া হেড থেকে গোল করে জয় নিশ্চিত করেন।

এই জয়টি বার্সেলোনাকে আরও একটি গুরুত্বপূর্ণ জয় এনে দিলো, রিয়ালের শীর্ষ অবস্থানে আরো কাছাকাছি পৌঁছে গেলো তারা।