বাস্তব জীবনের স্বাস্থ্যসংকট নিয়ে নতুন সিনেমায় জোলি

অনলাইন ডেস্ক:

হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির নতুন সিনেমায় উঠে এসেছে তার বাস্তব জীবনের ভয়াবহ স্বাস্থ্যসংকটের গল্প। অ্যালিস উইনোকুর পরিচালিত ‘কুত্যুর’ সিনেমায় জোলিকে দেখা যাবে ‘ম্যাক্সিন’ চরিত্রে। এই গল্পে দেখা যাবে, প্যারিস ফ্যাশন সপ্তাহের একটি বড় শোর উদ্বোধনী আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন তিনি। তবে কাজের মধ্যেই হঠাৎ জানতে পারেন, তিনি স্তন ক্যান্সারে আক্রান্ত। ট্রেলারের এক দৃশ্যে ম্যাক্সিনকে বলতে শোনা যায়, “জীবনে অনেক কিছুর জন্য প্রস্তুতি নেওয়া যায়। কিন্তু যেটা কখনও ভাবিনি, সেটাই হঠাৎ সামনে এসে দাঁড়াল।” আরেক দৃশ্যে চিকিৎসককে তিনি প্রশ্ন করেন, তিনি মারা যেতে পারেন কি না। জবাবে চিকিৎসক বলেন, “একদিন সবাইকেই মরতে হবে।” সিনেমার এই গল্পের সঙ্গে বাস্তব জীবনে জোলির নিজের অভিজ্ঞতার মিল রয়েছে। ২০১৩ সালে তিনি জানান, তার শরীরে ‘বিআরসিএ১’ জিন পাওয়া গেছে, যা স্তন ক্যান্সারের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। এরপর তিনি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দুই স্তন অপসারণের সিদ্ধান্ত নেন। জোলির মা দীর্ঘদিন ডিম্বাশয় ও স্তন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর ২০০৭ সালে মারা যান। সে কারণেই নিজের স্বাস্থ্য নিয়ে আগে থেকেই সতর্ক হন এই অভিনেত্রী। ২০১৫ সালে ক্যান্সারের ঝুঁকি কমাতে ডিম্বাশয় ও ফ্যালোপিয়ান টিউবও অপসারণ করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অস্ত্রোপচারের দাগ নিয়ে জোলি বলেন, “আমি নিখুঁত জীবনের চেয়ে মানুষের বাস্তব অভিজ্ঞতা আর দাগগুলোকে বেশি গুরুত্ব দিই। এই দাগগুলো আমাকে মনে করিয়ে দেয়, আমি বেঁচে থাকার জন্য লড়াই করেছি।” আগামী ২৬ জুন মুক্তি পাবে সিনেমাটি।