বিপাশার বিরুদ্ধে অভিযোগ আনলেন মিকা সিং

অনলাইন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় গায়ক মিকা সিং সম্প্রতি অভিনেত্রী বিপাশা বসু এবং তার স্বামী করণ সিং গ্রোভার সম্পর্কে একাধিক অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, এই তারকা জুটির কারণে তার প্রযোজিত ওয়েব সিরিজ ‘ডেঞ্জারাস’-এ তার টাকা নষ্ট হয়েছে এবং কাজ সঠিকভাবে হয়নি।

মিকা সিং পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমি করণকে খুব ভালোবাসতাম, তাই তার সঙ্গে একটি সিনেমা বানানোর পরিকল্পনা করেছিলাম, যা আমার সংগীতকেও প্রমোট করতে পারে। শুরুতে বাজেট ছিল ৪ কোটি টাকা, কিন্তু বিপাশার জিদে সেটি বেড়ে ১৪ কোটি টাকা হয়ে যায়। আমি প্রথমে অন্য একজন অভিনেত্রীকে নির্বাচন করেছিলাম, কিন্তু বিপাশা চেয়েছিল এতে কাজ করতে।”

মিকা আরও জানান, শুটিংয়ের সময় বিপাশা একাধিকবার তার স্বামী করণের স্বাস্থ্য সমস্যার অজুহাতে দেরি করে আসতেন, যা শুটিংয়ের কাজে অসুবিধা সৃষ্টি করেছিল।

তিনি আরও বলেন, “লন্ডনে শুটিংয়ের জন্য সেট করা হয়েছিল। আমার মতো ছোট প্রযোজকরা সিনেমা বানানোর সিদ্ধান্তে সারা জীবন আফসোস করবে। আমি যখন এই প্রজেক্টে যুক্ত হই, তখন আমাকে বাজেট বাড়াতে বাধ্য করা হয়, যার ফলে পুরো পরিস্থিতি খুব জটিল হয়ে যায়।”

মিকা সিং এর অভিযোগ, বিপাশার অহংকারের কারণে তার কাজের পরিস্থিতি আরও খারাপ হয়েছে এবং তার কর্মফল হিসেবে বিপাশা এখন কাজ পাচ্ছেন না।