বিরতির পর ফের বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া

অনলাইন ডেস্ক:

নুসরাত ফারিয়া, মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করে একসময় উপস্থাপনায় স্থান করে নিয়েছিলেন। তবে তার উপস্থিতি বড় পর্দায়ও ছড়ায় এবং দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি সংগীতের দুনিয়াতেও নিজের অস্তিত্ব জানান দিয়েছেন তিনি। ২০১৮ সালে “পটাকা” গানের মাধ্যমে সংগীত জগতে প্রবেশ করে সমালোচনা ও প্রশংসা দুইই অর্জন করেন। এরপর আরও চারটি গান প্রকাশ করেন ফারিয়া।

বর্তমানে, দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে ফের আলোচনায় আসছেন নুসরাত ফারিয়া। গত বছরের শুরুতে জনপ্রিয় সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে একটি গান রেকর্ড করেন, তবে তা এখনো প্রকাশিত হয়নি। এই বিলম্বের কারণ ব্যাখ্যা করেছেন তিনি। ফারিয়া জানান, “একটি ভালো প্রযোজনার জন্য অনেক মানুষের সমন্বয় লাগে এবং সেটা সময়সাপেক্ষ।” তিনি আরও বলেন, “আমি শুধু গান রেকর্ড করে প্রকাশ করি না, আমি এমন মিউজিক ভিডিও বানাতে চাই যা দর্শকদের চমকে দেবে।”

ফারিয়া জানিয়েছেন, তার বেশ কয়েকটি নতুন গান প্রকাশের অপেক্ষায় রয়েছে এবং সেগুলোর জন্য তিনি ফুয়াদ, সঞ্জয়সহ আরও কয়েকজন প্রতিভাবান সংগীত পরিচালকের সঙ্গে কাজ করছেন। এছাড়া, তিনি জানান, এমন কিছু সংগীতশিল্পীর সঙ্গে কাজ করতে চান, যাদের গান শুনে তিনি বড় হয়েছেন।

সংগীতের পাশাপাশি, শিগগিরই বড় পর্দায়ও ফিরছেন নুসরাত ফারিয়া। এ মাসের শেষ দিকে একটি নতুন ছবির শুটিং শুরু করার কথা জানিয়েছেন তিনি। এছাড়া, গত মাসে কানাডায় একটি স্টেজ শোতে পারফর্ম করার পর, নভেম্বরে আরও একটি আন্তর্জাতিক সফরের পরিকল্পনা রয়েছে তার।