নিজস্ব প্রতিবেদক :
বিশিষ্ট ব্যবসায়ী, অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী (৭৯) ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মারা গেছেন।
আজ, বুধবার (১১ মার্চ) স্থানীয় সময় সকাল ৯টা ৩১ মিনিটে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, যা বাংলাদেশ সময় সকাল ৭টা ৩১ মিনিটে। তিনি কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
বহুজাতিক কোম্পানির চাকরি ছেড়ে চামড়ার ব্যবসায় যুক্ত হওয়া সৈয়দ মঞ্জুর এলাহী বাংলাদেশের চামড়া শিল্পে অন্যতম সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার হাত ধরেই বাংলাদেশে উৎপাদিত চামড়ার জুতা বিদেশে রপ্তানি শুরু হয়। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান অ্যাপেক্স বাংলাদেশের জুতা বাজারের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম এবং আন্তর্জাতিক বাজারেও সুনাম অর্জন করেছে।
১৯৭২ সালে ‘মঞ্জুর ইন্ডাস্ট্রিজ’ নামে কোম্পানি শুরু করে তিনি চামড়া বিক্রির ব্যবসা শুরু করেন। ১৯৭৬ সালে ১২ লাখ ২২ হাজার টাকায় রাষ্ট্রমালিকানাধীন ওরিয়েন্ট ট্যানারি কিনে অ্যাপেক্স ট্যানারি প্রতিষ্ঠা করেন। এরপর ১৪ বছর পর তিনি অ্যাপেক্স ফুটওয়্যার প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে দেশের শীর্ষ জুতা রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
তার মৃত্যুতে ব্যবসায়ী মহল, পরিবার ও দেশের অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন।











