অনলাইন ডেস্ক:
মুক্তির পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছে অ্যানিমেটেড সিক্যুয়েল ‘মোয়ানা ২’। প্রথমে ডিজনি+ প্ল্যাটফর্মের জন্য একটি টিভি সিরিজ হিসেবে নির্মাণের পরিকল্পনা থাকলেও, পরবর্তীতে এটি সিনেমা হলে মুক্তি পায়। বর্তমানে, ছবিটি বিশ্বব্যাপী বক্স অফিসে ১ বিলিয়ন ডলার আয় করে নতুন এক মাইলফলক তৈরি করেছে।
সিনেমাটি এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৪৪৫ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক বাজারে ৫৬৭ মিলিয়ন ডলার আয় করেছে, যার ফলে মোট আয় দাঁড়িয়েছে ১.০৯ বিলিয়ন ডলারে। এর মাধ্যমে ২০২৪ সালে ডিজনির তিনটি সিনেমা বিলিয়ন ডলার আয়ের মাইলফলক অর্জন করেছে। এর আগে, ‘ইন্সাইড আউট ২’ এবং ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ও এই সাফল্য পায়। ‘মোয়ানা ২’ তৃতীয় সিনেমা হিসেবে এই সাফল্য অর্জন করে ডিজনির জন্য একটি চমৎকার বছর শেষ করেছে।
অন্যদিকে, ইউনিভার্সালের ‘ডেসপিকেবল মি ৪’ ছবিটি ৯৬৯ মিলিয়ন ডলার আয় করে দ্বিতীয় স্থানে অবস্থান করছে।
‘মোয়ানা ২’ ২০১৯ সালের ২৮ নভেম্বর মুক্তি পায় এবং থ্যাংকসগিভিংয়ের ৫ দিনের ছুটিতে ২২৫ মিলিয়ন ডলার আয় করে বক্স অফিসে নতুন রেকর্ড স্থাপন করে। এরপর থেকেই ছবিটি ধারাবাহিকভাবে দর্শকপ্রিয়তা লাভ করে এবং বিশাল আয় করেছে। সূত্রের খবর, সিক্যুয়েলটির এমন সাফল্যের পর ‘মোয়ানা’র তৃতীয় কিস্তি দ্রুত মুক্তির পরিকল্পনা করা হয়েছে।











