অনলাইন ডেস্ক:
শুক্রবার বিশ্ব ইজতেমা ময়দানে অংশ নিতে আসা তাবলীগ জামাতের এক মুসল্লি মৃত্যুবরণ করেছেন। খুলনার ডুমুরিয়া থানার ডুমুরিয়া বাজার এলাকার বাসিন্দা আব্দুল কুদ্দুস গাজী (৬০) গতকাল বেলা পৌনে ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে ইজতেমা ময়দানে মারা যান। শুরায়ী নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারী মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, শুক্রবার ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। দুপুর পৌনে ২টা জুমার নামাজে তাবলীগ জামায়াতের শীর্ষস্থানীয় মাওলানা জুবায়ের আহমেদ ইমামতি করেন। লাখ লাখ মুসল্লি জামায়াতে শরিক হয়ে এই নামাজ আদায় করেন। আশপাশের জেলা গাজীপুরসহ বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা ছুটে আসেন, অনেকেই রাতেই ময়দানে অবস্থান নিয়েছিলেন।
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মুসল্লির আগমন উপলক্ষে ময়দান পুরোপুরি পূর্ণ হয়ে যায়। অনেক মুসল্লি ময়দানে জায়গা না পেয়ে পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও কামারপাড়া সড়কসহ বিভিন্ন স্থানে দাঁড়িয়ে নামাজ আদায় করেন।
এবার ৫৮তম বিশ্ব ইজতেমায় ৭২টি দেশ থেকে ২ হাজার ১৫০ জন মুসল্লি ইতিমধ্যে ময়দানে এসেছেন। দেশ-বিদেশ মিলিয়ে ময়দানে কয়েক লাখ মুসল্লি উপস্থিত রয়েছেন। হাবিবুল্লাহ রায়হান জানান, বিদেশি মুসল্লিদের জন্য আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে এবং তাদের জন্য বিশেষ রান্নাবান্নার আয়োজন করা হয়েছে।
শুক্রবার বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়া উল হক বয়ান করেন এবং সকাল ১০টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল অনুষ্ঠিত হয়।











