অনলাইন ডেস্ক:
শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ছাত্তারকান্দি গ্রামে বোরো ধানের ক্ষেতে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক সেচপাম্প চালু করার সময় আকরাম হোসেন (৪৫) বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে ছুটে আসেন কৃষিশ্রমিক আব্দুল হানিফ (৫৫)। কিন্তু সহকর্মীকে সাহায্য করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এলাকার কৃষকরা সেচপাম্পের কাছে দুজনের নিথর দেহ পড়ে থাকতে দেখে দ্রুত তাদের পরিবারের সদস্যদের খবর দেন। নিহত আকরাম হোসেন মৃত আব্দুল লতিফের ছেলে এবং আব্দুল হানিফ মৃত সমেজ আলীর ছেলে। তারা দুজনেই ছাত্তারকান্দি গ্রামের বাসিন্দা ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার এসআই আশরাফ হোসেন জানান, বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।











