ব্যবসায়ী নাসির উদ্দিনের মামলায় পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক:

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরীমণির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। একই সঙ্গে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) চার্জ শুনানির নির্ধারিত দিনে পরীমণি ও তার সহযোগী জুনায়েদ বোগদাদী জিমি আদালতে উপস্থিত হননি। তাদের পক্ষ থেকে সময় আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে চার্জ গঠনের আদেশ দেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বিষয়টি পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী নিশ্চিত করেছেন।

নীলাঞ্জনা রিফাত বলেন, “আজ মামলার চার্জ গঠনের শুনানি ছিল। পরীমণি অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। অপর আসামি জিমির পক্ষ থেকেও সময় আবেদন করা হয়েছিল। তবে আদালত আবেদন নাকচ করে চার্জ গঠন এবং গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।”

২০২২ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ আদালতে এই মামলাটি দায়ের করেন। মামলার তদন্ত করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন। তদন্ত প্রতিবেদনে পরীমণি ও জিমির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়।

এর আগে ১৮ এপ্রিল ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত দুই আসামিকে হাজির হতে সমন জারি করেছিলেন। ওইদিন পরীমণি ও জিমি আত্মসমর্পণ করে জামিন নেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।