ব্যস্ত সময় পার করছেন বড়দা মিঠু

নিজস্ব প্রতিবেদক :

বাংলা নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ, জনপ্রিয় অভিনেতা বড়দা মিঠু বর্তমানে অভিনয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন। প্রকৃত নাম মাহমুদুল ইসলাম মিঠু হলেও, অভিনয়জগতে তিনি ‘বড়দা মিঠু’ নামেই বেশি পরিচিত ও প্রিয়। ছোট ও বড় পর্দায় সাবলীল অভিনয়ের মাধ্যমে ইতোমধ্যেই দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন এই গুণী শিল্পী।

সম্প্রতি তার অভিনীত তিনটি নতুন ধারাবাহিক নাটক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার শুরু হয়েছে। নাটকগুলো হলো—কায়সার আহমেদ পরিচালিত দীপ্ত টিভির প্রতিদিনের ধারাবাহিক ‘রুপনগর’, রুমান রুনির পরিচালনায় বৈশাখী টিভির ‘গিট্টু’, এবং চ্যানেল এস-এ শাওন মাহবুব পরিচালিত ‘৬৯ ব্রাদার’। প্রতিটি নাটকেই তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন।

এ প্রসঙ্গে বড়দা মিঠু বলেন, “ভিন্ন ভিন্ন তিনটি চরিত্রে আমাকে দেখা যাবে। গল্পগুলোতেও রয়েছে বৈচিত্র্য। পরিবার নিয়ে দেখার মতো তিনটি নাটক। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।”

দুই পর্দায় কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করা এই অভিনেতা ওয়েব সিরিজে অশ্লীলতার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “যা আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না, সেটি আমি কখনোই করব না। অন্যদেরও করা উচিত নয়। আমাদের চারপাশে অনেক ভালো গল্প আছে, যেগুলো সুন্দরভাবে উপস্থাপন করাই উচিত।”

এছাড়াও, তিনি জানান বর্তমানে বাংলাদেশি নাটকে নায়ক-নায়িকা নির্ভরতা বেড়ে গেছে, তাই নির্মাতাদের উচিত পারিবারিক গল্পে আরও বেশি জোর দেওয়া।

বড়দা মিঠুর অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে, এর মধ্যে মনতাজুর রহমান আকবার পরিচালিত ‘আয়না’ অন্যতম। পাশাপাশি একাধিক একক নাটকেও তিনি নিয়মিত কাজ করছেন, যা খুব শিগগিরই প্রচার হবে।