অনলাইন ডেস্ক:
জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এ যুক্ত হলো নতুন চমক। শুটিং চলছে নেপালে, আর সেখানেই টিমে যোগ দিয়েছেন নেপালের অভিনেত্রী রাজেশ্রী থাপা। বিষয়টি প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল, বিশেষ করে তার চরিত্র ঘিরে চলছে নানা আলোচনা।
নির্মাতা কাজল আরেফিন অমি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজেশ্রীর একটি ছবি প্রকাশ করে রহস্য উসকে দেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “চরিত্রটি কে হতে পারে অনুমান করুন।” এর পর থেকেই মন্তব্যের ঘরে শুরু হয় ভক্তদের সরব উপস্থিতি। কেউ বলছেন নতুন প্রেমের চরিত্র, আবার কেউ ধারণা করছেন বহু প্রতীক্ষিত ‘রোকেয়া’ চরিত্রে হাজির হতে পারেন তিনি।
নির্মাতা জানিয়েছেন, সিজন ৫-এর চ্যাপ্টার ১২-তে সারপ্রাইজ হিসেবে দেখা যাবে রাজেশ্রী থাপাকে। আগেই নতুন নায়িকা নিয়ে দর্শকদের আগ্রহ ছিল। এর আগে একটি লাল পোশাকের রহস্যময় চরিত্র ঘিরেও তৈরি হয়েছিল আলোচনা। অনেকেই তখন থেকেই অনুমান করছেন, এই নতুন সংযোজন গল্পে বড় কোনো মোড় আনতে যাচ্ছে।
গত বছর কোরবানির ঈদ থেকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে শুরু হয় ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর প্রচার। পাঁচ বছর পর এই সিজনে ফিরেছেন নেহাল চরিত্রে তৌসিফ মাহবুব এবং আরিফিন চরিত্রে শামীম হাসান সরকার। তাদের ফেরায় দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। পাশাপাশি নতুন চরিত্র যুক্ত হওয়ায় গল্প পেয়েছে ভিন্ন মাত্রা।
এই সিজনে মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মনিরা মিঠুসহ পরিচিত মুখদের উপস্থিতি ধারাবাহিকটিকে আরও প্রাণবন্ত করেছে। ঈদ স্পেশাল পর্বগুলোতেও দর্শকের সাড়া ছিল চোখে পড়ার মতো।
বর্তমানে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ শুধু ওটিটিতেই নয়, চ্যানেল আই এবং বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলেও প্রচার হচ্ছে। নতুন এই সংযোজন গল্পে কী পরিবর্তন আনে, তা দেখার অপেক্ষায় এখন দর্শকরা।










