ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক খাদে পড়ে ভয়াবহ বিস্ফোরণ

জেলা প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার এলাকায় গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক খাদে পড়ে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৪ জুন) ভোর ৪টার দিকে বাংলাদেশ গ্যাস ফিল্ডের প্রধান কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আশুগঞ্জ-আখাউড়া চার লেন সড়কের নির্মাণ কাজের কারণে বিরাসার অংশের রাস্তার অবস্থা বেহাল। এতে ট্রাকটি রাস্তায় পড়ে থাকা খানাখন্দে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এরপর ট্রাক থেকে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণের তীব্রতায় আশপাশের অন্তত ৩ থেকে ৪টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এমনকি কয়েকটি ভবনের জানালার কাঁচ ফেটে যায়। স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক নিউটন দাস জানান, ট্রাকটিতে বিপুলসংখ্যক গ্যাস সিলিন্ডার থাকায় খাদে পড়ার সঙ্গে সঙ্গে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। কতটি সিলিন্ডার ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।