ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বিবাহ বিচ্ছেদের আইনি লড়াইয়ের অবসান

অনলাইন ডেস্ক:

দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে অবশেষে বিবাহ বিচ্ছেদ ও আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে ঐক্যমত্যে পৌঁছেছেন হলিউড তারকা ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। গতকাল (মঙ্গলবার) অ্যাঞ্জেলিনার আইনজীবীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি। তবে ব্র্যাড পিটের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ব্র্যাড ও অ্যাঞ্জেলিনা ২০১৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের ছয় সন্তান রয়েছে। ২০১৬ সালে অ্যাঞ্জেলিনা বিবাহ বিচ্ছেদের আবেদন করেন। এরপর থেকেই সন্তানদের জিম্মা নিয়ে একটি দীর্ঘ ও তিক্ত আইনি লড়াই শুরু হয়।

২০২১ সালে এক বিচারক এই তারকা দম্পতিকে তাদের সন্তানদের যৌথ জিম্মাদার হিসেবে ঘোষণা করেন। তবে এর মধ্যেও আইনি প্রক্রিয়া অব্যাহত ছিল, যা শেষমেশ দীর্ঘ আট বছর পর চূড়ান্ত সমাধানে পৌঁছায়।

ভক্তদের কাছে ‘ব্র্যাঞ্জেলিনা’ নামে পরিচিত এই দম্পতির প্রথম পরিচয় হয় ২০০৫ সালে, মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ সিনেমার সেটে। সেখানে কাজ করার সময় তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং প্রণয়ের শুরু হয়।

ব্র্যাড পিটের এটি ছিল দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি ‘ফ্রেন্ডস’ তারকা জেনিফার অ্যানিস্টনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। অন্যদিকে, অ্যাঞ্জেলিনার এটি ছিল তৃতীয় বিয়ে। তিনি এর আগে বিলি বব থর্নটন ও জনি লি মিলারকে বিয়ে করেছিলেন।

অ্যাঞ্জেলিনার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে লারা ক্রফট: টুম্ব রেইডার, চেঞ্জলিং, ও গার্ল, ইন্টারাপটেড। অন্যদিকে, ব্র্যাড পিটের জনপ্রিয় সিনেমার তালিকায় রয়েছে ফাইট ক্লাব, ওয়ানস আপন আ টাইম ইন হলিউড, ও টুয়েলভ মাংকিস।

এই তারকা দম্পতির দীর্ঘদিনের আইনি লড়াইয়ের অবসান তাদের ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।