বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে ৪ দিন পর বিদ্যুৎ উৎপাদন শুরু

নিজস্ব প্রতিবেদক:

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপ বিদ্যুৎকেন্দ্রে টানা ৪ দিন বন্ধ থাকার পর পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ১ নম্বর ইউনিট চালু করা হয়। বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

বিদ্যুৎ উৎপাদন ইউনিটটি ১২৫ মেগাওয়াট ক্ষমতার হলেও আপাতত এটি থেকে প্রতিদিন ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে। উৎপাদিত বিদ্যুৎ মধ্যরাত থেকেই জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক জানিয়েছেন, বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন ৮০০ থেকে ৯০০ মেট্রিক টন কয়লা প্রয়োজন হচ্ছে, যা বড়পুকুরিয়া কয়লা খনিতে পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে।

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে তিনটি ইউনিট রয়েছে, যার মধ্যে ১ নম্বর ও ২ নম্বর ইউনিট মিলে ২৫০ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিট ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সম্পন্ন। তবে ২০২০ সালের নভেম্বর থেকে ২ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। ফলে এতদিন ১ ও ৩ নম্বর ইউনিট চালু ছিল এবং সেখান থেকে প্রায় ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়ে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল।

গত ১৫ ফেব্রুয়ারি যান্ত্রিক ত্রুটির কারণে ৩ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। এরপর ১৭ ফেব্রুয়ারি বিকেলে বয়লারে লিকেজ দেখা দেওয়ায় ১ নম্বর ইউনিটও বন্ধ হয়ে যায়, ফলে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। মেরামতের পর ২২ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১ নম্বর ইউনিট পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

বর্তমানে ৩ নম্বর ইউনিটের মেরামত কাজ চলমান রয়েছে এবং এটি দ্রুত সময়ের মধ্যে চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।