ভারতের আসামে কয়লা খনি থেকে উদ্ধার হলো আরও তিন শ্রমিকের মরদেহ

অনলাইন ডেস্ক:

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের ডিমা হাসাও জেলার একটি কয়লা খনিতে আটকে পড়া তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট চারজন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হলো। উদ্ধারকর্মীরা জানান, উদ্ধারকৃত তিন শ্রমিকের মধ্যে ২৭ বছর বয়সী লিগেন মাগারের পরিচয় নিশ্চিত হয়েছে, তিনি ডিমা হাসাওয়ের বাসিন্দা ছিলেন। অন্য দুই শ্রমিকের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

এই দুর্ঘটনা ঘটে গত সোমবার, যখন আকস্মিক জল প্রবাহের কারণে উমরাংসু খনি প্লাবিত হয়ে নয়জন শ্রমিক আটকা পড়েন। উদ্ধার কার্যক্রম এখনও চলমান রয়েছে এবং ৩১০ ফুট গভীর খনিটির জল নিষ্কাশন করার কাজ চলছে। তবে এখনও আরও পাঁচজন শ্রমিকের খোঁজ মেলেনি।

এদিকে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক এক্স (আগের টুইটার) বার্তায় শোক প্রকাশ করে বলেছেন, “উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং শোকাহত পরিবারগুলোর প্রতি আমাদের সমবেদনা রইল। এই কঠিন সময়ে আমরা আশা ও শক্তি ধরে রাখব।”