ভারতের জার্সিতে পাকিস্তানের নাম নিয়ে বিতর্ক

অনলাইন ডেস্ক:

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও, ভারতীয় দলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাইয়ে। তবে, পাকিস্তানের নাম জার্সিতে ব্যবহার নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পাকিস্তানের নাম লিখতে প্রথমে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। পরে, বিসিসিআইয়ের নতুন সচিব দেবাজিত সাইকিয়া বিষয়টি পরিষ্কার করে জানিয়ে দেন, আইসিসির নির্দেশিকা মেনে চলবে ভারত।

আইসিসির ড্রেস কোডের অংশ হিসেবে, প্রতিটি দেশের জার্সিতে টুর্নামেন্টের অফিসিয়াল লোগো, স্বাগতিক দেশের নাম এবং প্রতিযোগিতার সন থাকতে হবে। এই নিয়মেরই অংশ হিসেবে পাকিস্তানের নাম জার্সিতে থাকবে। তবে, ভারতীয় গণমাধ্যমে পাকিস্তানের নাম নিয়ে আপত্তি প্রকাশিত হলে পাকিস্তানে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) আইসিসি থেকে কঠোর পদক্ষেপ আশা করার কথা জানিয়েছে।

এ বিষয়ে বিসিসিআই সচিব দেবাজিত সাইকিয়া জানান, “আইসিসির নির্দেশিকা আমরা অনুসরণ করব।” যখন পাকিস্তানের নাম জার্সিতে ব্যবহারের বিষয়টি উল্লেখ করা হয়, তখন সাইকিয়া পুনরায় বলেন, “আমরা আইসিসির নির্দেশিকা মেনে চলব।”

ভারতের অধিনায়ক রোহিত শর্মা পাকিস্তানে গিয়ে আইসিসির আনুষ্ঠানিক আয়োজনে যোগ দেবেন কিনা, সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি ভারত। ১৬ বা ১৭ ফেব্রুয়ারি করাচিতে এই অনুষ্ঠান হতে পারে। ২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে ক্রিকেট খেলার জন্য ভারতীয় দল সেখানে যায়নি এবং আইপিএলেও পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ নিষিদ্ধ রয়েছে।

এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের সরকার তাদের দলকে পাকিস্তান সফরে যাওয়ার অনুমতি না দেওয়ায়, টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি এবং চলবে ৯ মার্চ পর্যন্ত।