ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বড় সংকট হবে না: বাণিজ্য উপদেষ্টা

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা হঠাৎ বাতিল করলেও এতে বড় কোনো সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, “হঠাৎ করেই ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। তবে এ নিয়ে আমরা উদ্বিগ্ন নই। বুধবার অংশীজনদের সঙ্গে আলোচনা হয়েছে, নিজেদের সক্ষমতা বাড়িয়ে দ্রুত এই পরিস্থিতি সামাল দেওয়া হবে।”

তিনি জানান, সরকারের পক্ষ থেকে এখনই কোনো প্রতিবাদপত্র বা চিঠি পাঠানোর চিন্তা নেই। “আমরা এটিকে কৌশলগতভাবে মোকাবিলা করছি। কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সেটি এই মুহূর্তে শেয়ার করব না। কিছু কাঠামোগত প্রতিবন্ধকতা ও ব্যয় সংক্রান্ত বিষয় আছে, সেগুলোর সমন্বয়ের মাধ্যমে কার্যকর সমাধান বের করা হবে,” বলেন শেখ বশিরউদ্দীন।

ভারতের মাধ্যমে কী পরিমাণ পণ্য রপ্তানি হতো জানতে চাইলে তিনি বলেন, “বাংলাদেশ থেকে বছরে প্রায় ৪০-৫০ হাজার টন পণ্য ভারতের দিল্লি ও কলকাতাসহ বিভিন্ন বন্দর দিয়ে তৃতীয় দেশে রপ্তানি হতো। এই পণ্য পরিবহনের জন্য আমাদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করলেই সমস্যার সমাধান সম্ভব।”

এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক সংক্রান্ত সাম্প্রতিক অগ্রগতির বিষয়েও আশাবাদ প্রকাশ করেন বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের শুল্ক স্থগিত করার সিদ্ধান্ত ইতিবাচক। এতে দেশের বাণিজ্যে স্থিতিশীলতা আসবে।”

তিনি আরও জানান, বুধবার ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (USTR) সঙ্গে অনলাইনে বাংলাদেশের প্রতিনিধিদের একটি বৈঠক হয়েছে। সেখানে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। “শিগগিরই বাংলাদেশের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফরে যাবে এবং সেখানে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে,” বলেন তিনি।