ভারতে দুই রাজ্যের নির্বাচন: মোদির জনপ্রিয়তার বড় পরীক্ষা

অনলাইন ডেস্ক :

ভারতের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ দুটি রাজ্য মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (২০ নভেম্বর) লাখ লাখ ভোটার তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভোট দিচ্ছেন। এই নির্বাচনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি এবং এর আঞ্চলিক জোটের জনপ্রিয়তা যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

মহারাষ্ট্র, যা ভারতের সবচেয়ে ধনী রাজ্য এবং বাণিজ্যিক কেন্দ্র মুম্বাইয়ের অবস্থান, বর্তমানে বিজেপি ও একটি হিন্দু জাতীয়তাবাদী জোটের শাসনে রয়েছে। অন্যদিকে, খনিজসমৃদ্ধ ঝাড়খণ্ড রাজ্যটি শাসন করছে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট।

নির্বাচনের আগে দুই রাজ্যে ব্যাপক জনসভা করেছেন প্রধানমন্ত্রী মোদি। চার মাস আগে জাতীয় নির্বাচনে বিজেপি সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে আঞ্চলিক জোটের সহায়তায় তৃতীয় মেয়াদের সরকার গঠন করে। এই প্রেক্ষাপটে বিধানসভা নির্বাচনকে তার জনপ্রিয় নেতৃত্বের বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

নির্বাচনের আগে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে একটি পোস্টে মোদি বলেন, “আমি তরুণ এবং নারী ভোটারদের আহ্বান জানাচ্ছি যেন তারা বিপুল সংখ্যায় ভোট দেন।”

রাজনৈতিক বিশ্লেষক এবং মোদীর জীবনী লেখক নীলাঞ্জন মুখোপাধ্যায় বলেন, “এই নির্বাচন মোদীর নেতৃত্বের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এখানে কোনো নেতিবাচক পরিবর্তন হলে তা আগামী বছর দিল্লি ও বিহারের মতো রাজ্যগুলোর নির্বাচনে বিজেপির অবস্থানকে দুর্বল করতে পারে।”

গত অক্টোবরে হরিয়ানার রাজ্য নির্বাচনে আশ্চর্যজনক জয়ের পর বিজেপি কিছুটা মনোবল ফিরে পেলেও মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের ফলাফল দলটির ভবিষ্যতের কৌশল নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই রাজ্যের ভোট গণনা শনিবার অনুষ্ঠিত হবে।