ভায়াদোলিদের বিপক্ষে ২-১ গোলে বার্সেলোনার রোমাঞ্চকর জয়

অনলাইন ডেস্ক:

প্রায় পুরো মূল একাদশ বিশ্রামে রেখে দ্বিতীয় সারির খেলোয়াড়দের নিয়ে মাঠে নেমেও জয় পেয়েছে বার্সেলোনা। শনিবার রাতে লা লিগার ৩৪তম রাউন্ডে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নেয় হান্সি ফ্লিকের শিষ্যরা।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই চমকে দেয় ভায়াদোলিদ। অবনমিত দলটি হোম গ্রাউন্ডে এগিয়ে যায় এবং প্রথমার্ধে বার্সাকে আটকে রাখতে সক্ষম হয়। ফ্লিক তখনও ছিলেন ধৈর্যশীল। তবে ৩৮তম মিনিটে অভিষিক্ত দানি রদ্রিগেস চোট পেয়ে মাঠ ছাড়লে বদলি হয়ে নামেন লামিন ইয়ামাল। এরপরই বদলায় ম্যাচের গতি।

দ্বিতীয়ার্ধ শুরুতেই পেদ্রি ও আনসু ফাতিকে তুলে এনে রাফিনিয়া ও ফ্রেঙ্কি ডি ইয়ংকে মাঠে নামান ফ্লিক। ৫৪তম মিনিটে রাফিনিয়ার গোলে সমতায় ফেরে বার্সা। এরপর ৬১তম মিনিটে ফেরমিন লোপেসের দুর্দান্ত ব্যাঙ্গারে এগিয়ে যায় কাতালানরা।

তবে এরপর বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করলেও ব্যবধান আর বাড়েনি। ইনজুরি থেকে ফেরা মার্ক-আন্দ্রে টের স্টেগেন ২২৪ দিন পর মাঠে নেমেই করেন তিনটি দুর্দান্ত সেভ, যা দলের জয় নিশ্চিত করে।

এই জয়ে বার্সেলোনা ৩৪ ম্যাচে ২৫ জয় ও ৪ ড্র নিয়ে ৭৯ পয়েন্টে পৌঁছে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা মজবুত করল। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান এখন ৭ পয়েন্ট। তবে রিয়াল তাদের ম্যাচ খেলবে আজ (রবিবার), বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সেল্তা ভিগোর বিপক্ষে।

এদিকে, পরের সপ্তাহেই এল ক্লাসিকো—লা লিগার সম্ভাব্য নির্ধারক ম্যাচ। বার্সেলোনার মাঠে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ফুটবলবিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সেই ম্যাচ।