অনলাইন ডেস্ক:
ভুয়া ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে ভারতের পক্ষ থেকে চীন ও তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। এই পদক্ষেপের মধ্যে রয়েছে চীনের সরকারি বার্তা সংস্থা ‘সিনহুয়া নিউজ এজেন্সি’ ও ‘গ্লোবাল টাইমস’ এর এক্স অ্যাকাউন্ট, তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড এবং রাষ্ট্রীয় মালিকানাধীন অপর একটি প্রতিষ্ঠান। এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ভারতীয় কর্তৃপক্ষের মতে, এসব অ্যাকাউন্ট ভুয়া তথ্য প্রচার করে যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।
এর আগে, ভারতীয় দূতাবাস বেইজিংয়ে সরাসরি ‘গ্লোবাল টাইমস’ কে সতর্ক করে জানিয়েছিল, “প্রিয় গ্লোবাল টাইমস নিউজ, আপনারা অনুগ্রহ করে তথ্য যাচাই করে, নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত হয়ে তবেই সংবাদ প্রচার করুন।” ভারতীয় দূতাবাস এক পরবর্তী পোস্টে জানায়, পাকিস্তানপন্থী একাধিক অ্যাকাউন্ট ‘অপারেশন সিন্ধুর’ সম্পর্কে ভুয়া এবং যাচাইবিহীন তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।
ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) ফ্যাক্ট চেক ইউনিট এই ঘটনার মধ্যে কিছু পুরোনো বা বিকৃত ভিডিও ও ছবি শনাক্ত করেছে, যা বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে ভুল তথ্য ছড়াচ্ছে। ‘গ্লোবাল টাইমস নিউজ’ অ্যাকাউন্ট এখন ভারতের এক্স (সাবেক টুইটার) থেকে অ্যাক্সেস করা যাচ্ছে না। সেখানে দেখা যাচ্ছে, “অ্যাকাউন্ট উইথহেল্ড। গ্লোবাল টাইমস নিউজ হ্যাজ বিন উইথহেল্ড ইন ইন্ডিয়া ইন রেসপন্স টু অ্যা লিগ্যাল ডিমান্ড।”
এছাড়া, চীনের অবিরাম চেষ্টা নিয়ে ভারত প্রতিবাদ জানিয়েছে, বিশেষ করে অরুণাচল প্রদেশকে ঘিরে চীনের ভূখণ্ড দাবি এবং নামকরণ প্রচেষ্টার বিরুদ্ধে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেন, “চীন বারবার ভারতীয় রাজ্য অরুণাচল প্রদেশের স্থান ও নাম পরিবর্তন করে একপেশে দাবি করছে। আমরা এই প্রচেষ্টাকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি। অরুণাচল প্রদেশ ভারতীয় অবিচ্ছেদ্য ও অখণ্ড অংশ ছিল, আছে এবং থাকবে।”
এটি নতুন নয় যে, চীন গত বছর ২০২৪ সালে অরুণাচল প্রদেশের ৩০টি নতুন নাম প্রকাশ করেছিল, যার তীব্র প্রতিবাদ জানায় ভারত।











