ভূরুঙ্গামারীতে ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে নিহত ২

জেলা প্রতিনিধি :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার ঘুন্টিঘর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— পাইকেরছড়া ইউনিয়নের অটোরিকশাচালক বানু মিয়া (৩০) এবং রায়গঞ্জ ইউনিয়নের বাসিন্দা আনিকা (১২)।
আহত তিনজন হলেন— রতনপুরের আবুবকর সিদ্দিক (৩৮), তার স্ত্রী মোর্শেদা বেগম (৩৫) এবং মেয়ে ফাতেমা (৯)। আহতদের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোনাহাট থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা ভূরুঙ্গামারীর দিকে যাচ্ছিল। দুপুরের দিকে ঘুন্টিঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে তা উল্টে যায়। ঘটনাস্থলেই শিশু আনিকা মারা যায়।
পরে গুরুতর আহত চালক বানু মিয়াকে ভূরুঙ্গামারী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন এবং একজন হাসপাতালে মারা যান। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।