ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারে পুলিশের জন্য ৪০ হাজার বডিক্যাম আনছে সরকার

প্রকাশিত: 10 August 2025, 12:47 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদারে বড় পরিসরের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। পুলিশের জন্য কমপক্ষে ৪০ হাজার বডি-ওয়্যার ক্যামেরা (বডিক্যাম) সংগ্রহের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

শনিবার (৯ আগস্ট) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী ও ফয়েজ তৈয়ব আহমেদ।

বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব আহমেদ জানান, ‘এই বডিক্যামগুলো হাজার হাজার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে পুলিশ সদস্যদের কার্যক্রম মনিটর করতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।’ তিনি আরও বলেন, অক্টোবরের মধ্যেই এসব ক্যামেরা সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যাতে পুলিশ সদস্যরা সময়মতো প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন।

এই প্রযুক্তির সরবরাহের জন্য ইতোমধ্যে জার্মানি, চীন ও থাইল্যান্ড-এর তিনটি কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নির্বাচনকালে পুলিশ সদস্যরা এই ক্যামেরাগুলো বুকে ধারণ করে দায়িত্ব পালন করবেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেন, ‘সব ভোটকেন্দ্রে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে—তাতে যত খরচই হোক। আমাদের লক্ষ্য হলো দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা।’

এছাড়াও, টেলিযোগাযোগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি–বিষয়ক বিশেষ সহকারী বৈঠকে জানান, আসন্ন নির্বাচনের জন্য একটি নির্বাচনী অ্যাপ চালুর পরিকল্পনা রয়েছে। অ্যাপটিতে থাকবে প্রার্থীদের বিবরণ, ভোটকেন্দ্রের তথ্য এবং অভিযোগ জানানোর অপশন। এটি ১০ কোটির বেশি ভোটারের ব্যবহারের উপযোগী করতে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন