ভোটার তালিকা থেকে ২১ লাখ মৃত ভোটার বাদ
নিজস্ব প্রতিবেদক:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীকে ভোটাধিকার প্রয়োগের আওতায় আনা হবে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, “নির্বাচনে যারা দায়িত্ব পালন করেন, সেই সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা আমরা করব। সবাইকে সঙ্গে নিয়ে আয়নার মতো স্বচ্ছ নির্বাচন আয়োজন করতে চাই।”
তিনি আরও জানান, হালনাগাদকরণে ভোটার তালিকা থেকে ২১ লাখ মৃত ভোটারকে চিহ্নিত করে বাদ দেওয়া হয়েছে। “তাদের অনেকেই পূর্বে ভোট দিয়ে যেত,” বলেন তিনি।
নির্বাচনে অংশগ্রহণমূলক ও অনুকূল পরিবেশ তৈরিতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে সিইসি বলেন, “গণমাধ্যমের সহযোগিতা ছাড়া লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি সম্ভব নয়। এআই-এর অপব্যবহার রোধে ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা রাখতে হবে।”
এদিকে, নির্বাচন কমিশনের আগামীকাল (৭ অক্টোবর) নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে বসার কথা রয়েছে। এরপর জুলাই যোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও বসবে ইসি। সংলাপে পাওয়া মতামত কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেবে বলে জানিয়েছেন সিইসি।
