ময়মনসিংহে ট্রাকচাপায় এএসআই নিহত

জেলা প্রতিনিধি :

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকচাপায় পুলিশের উপপরিদর্শক (এএসআই) মো. রুস্তম আলী নিহত হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের সত্রাসিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুস্তম আলী ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্চ গ্রামের মৃত রমজান আলীর ছেলে। তিনি মুক্তাগাছা থানায় কর্মরত ছিলেন এবং তিন ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, এএসআই রুস্তম আলী শনিবার বিকেলে উপজেলার কুমারগাতা ইউনিয়নের মনতলা এলাকা থেকে ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে থানায় ফিরছিলেন। পথে সত্রাসিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পানির ড্রামভর্তি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, রুস্তম আলী গত বছরের ১৬ মার্চ এএসআই হিসেবে মুক্তাগাছা থানায় যোগদান করেন।