অনলাইন ডেস্ক:
মহারাষ্ট্রের পার্বণী জেলার এক গ্রামে পরপর তিন কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ত্রীর ওপর নির্মম অত্যাচার চালিয়ে তাকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী কুন্ডিক উত্তম কালে (৩২) কে গত শনিবার গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, উত্তমের স্ত্রী মাইনা দীর্ঘদিন ধরে স্বামীর গঞ্জনা ও নির্যাতনের শিকার ছিলেন। মাইনার বোন জানিয়েছেন, পরপর কন্যাসন্তান জন্ম দেওয়ার জন্য নিয়মিতই তাকে মারধর করতেন উত্তম। তৃতীয় সন্তান মেয়ে হওয়ার পর নির্যাতনের মাত্রা আরও বাড়ে।
গত বৃহস্পতিবার নির্যাতন চরমে পৌঁছে। মাইনার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন উত্তম। আতঙ্কে মাইনা রাস্তায় বেরিয়ে ছুটতে থাকেন। স্থানীয়রা দাউদাউ আগুনে জ্বলতে থাকা মাইনাকে দেখে দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে তার শরীরের বেশিরভাগ অংশই পুড়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
অভিযুক্ত উত্তমকে গ্রেফতারের পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ নির্মম ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।











