নিজস্ব প্রতিবেদক:
মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) বিকেলে কার্ডিয়াক অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে ঢামেক হাসপাতাল থেকে সিএমএইচে নেওয়া হয়। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢামেক হাসপাতালের পরিচালক জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে ভেন্টিলেটরের মাধ্যমে তার শ্বাসপ্রশ্বাস সচল রাখা হয়েছে।
শনিবার বিকেল ৫টার দিকে হাসপাতালের শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্র (পেডিয়াট্রিক আইসিইউ) থেকে শিশুটিকে স্ট্রেচারে করে বের করা হয়। হাসপাতালের চিকিৎসক ও নিরাপত্তাকর্মীরা তাকে অ্যাম্বুলেন্সে তুলে দেন। এ সময় আশপাশে বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় করে।
শুক্রবার রাতে শিশুটির অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালের গাইনি বিভাগ থেকে শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়।
এর আগে, গত বৃহস্পতিবার মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ উঠে। গুরুতর অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারের উচ্চপর্যায় থেকে নজরদারি বাড়ানো হয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।











