জেলা প্রতিনিধি :
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে ঘটে গেল এক নির্মম হত্যাকাণ্ড। মাত্র ৪ বছরের শিশু মাহিয়া মনি নিহত হয়েছে নিজ চাচা নুরুল হাকিমের দা এর কোপে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ভয়াবহ ঘটনা ঘটে।
নিহত মাহিয়া মনি ঈদগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খুইট্টার শিয়া মোহাম্মদ শরীফ পাড়ার বাসিন্দা নুরুল আজিমের মেয়ে।
ঘটনার পর ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তে নিশ্চিত করেন—মাদকাসক্ত ঘাতক নুরুল হাকিম পারিবারিকভাবে টাকা চেয়েছিলেন। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে তিনি নিজের ভাইয়ের মেয়েকে পেছন থেকে দা দিয়ে কোপ দেন, এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
মাহিয়ার বাবা জানান, তার ছোট ভাই নুরুল হাকিম নিয়মিত মাদক সেবন করে এবং এর জেরে পরিবারে আগেও একাধিকবার অশান্তি সৃষ্টি করেছেন। ঘটনার সময় তিনি মাতাল অবস্থায় এসে মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা চান। টাকা না পাওয়ায় হঠাৎ উত্তেজিত হয়ে হামলা চালান।
নিহত শিশুটির মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।
ঘাতক চাচা নুরুল হাকিম এখনো পলাতক। স্থানীয় জনগণ এবং নিহত শিশুর পরিবার তার অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।











