মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আজহারুল ইসলাম খালাস

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে মঙ্গলবার (২৭ মে) এ রায় দেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ।

রায়ের সময় আদালতে আজহারুল ইসলামের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক ও ব্যারিস্টার নাজিব মোমেন।

এ মামলায় রংপুর অঞ্চলে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যা, ধর্ষণ, অপহরণ, অগ্নিসংযোগসহ ৯টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল আজহারের বিরুদ্ধে। অভিযোগপত্রে বলা হয়, ১ হাজার ২৫৬ জনকে হত্যা, ১৭ জনকে অপহরণ এবং ১৩ নারীকে ধর্ষণের ঘটনায় তিনি দায়ী।

২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পাঁচটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়। আপিলের পর ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ রায় বহাল রাখলেও, পরবর্তীতে রিভিউ আবেদনের পর পুনরায় শুনানির অনুমতি মেলে। সেটিই ছিল মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথমবারের মতো পুনঃআপিল শুনানির নজির।

২০১২ সালের ২২ আগস্ট রাজধানীর মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার হওয়ার পর থেকে আজহারুল ইসলাম কারাগারে আছেন।