মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ও অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১ জুলাই
নিজস্ব প্রতিবেদক:
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং গ্রেফতারকৃত সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ১ জুলাই নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
সোমবার (২৩ জুন) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই শুনানির দিন ধার্য করেন। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে অংশ নেন গাজী এমএইচ তামিম।
ট্রাইব্যুনাল আরও নির্দেশ দেন, পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে।
এর আগে ১৬ জুন ট্রাইব্যুনাল বিজ্ঞপ্তির মাধ্যমে পলাতক আসামিদের হাজিরার নির্দেশ দিয়েছিল। তবে তারা আদালতে হাজির না হওয়ায় অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারণ করা হয়।
গত ১ জুন ট্রাইব্যুনাল শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়। অভিযোগে মানবতা বিরোধী অপরাধের পাঁচটি পৃথক ঘটনা উল্লেখ করা হয়েছে।
এটি গণ-অভ্যুত্থান-পরবর্তী পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া প্রথম মামলা। একই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি মামলা চলমান রয়েছে, যার মধ্যে একটি গুম-খুন এবং অন্যটি মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত সমাবেশে সহিংসতার ঘটনায় দায়েরকৃত।
প্রসঙ্গত, গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত সহিংস ঘটনায় একাধিক মানবতা বিরোধী অপরাধের অভিযোগ উঠে আসে, যার বিচার এখন ট্রাইব্যুনালে চলমান।
