ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

মার্কিন অবরোধ উপেক্ষা করে চীনের পথে ইরানের ১৪ ট্যাংকার, হামলার হুঁশিয়ারি তেহরানের

প্রকাশিত: 22 November 2026, 6:18 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

মার্কিন নৌ-অবরোধের তোয়াক্কা না করে আগামী কয়েক দিনের মধ্যে ১৪টিরও বেশি তেলবাহী ট্যাংকার সাগরে ভাসানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। এসব জাহাজ আটকের কোনো চেষ্টা করা হলে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনায় কঠোর হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান।

‘অপারেশন ফেরেইদুন’ নামে পরিচিত এই বিশেষ অভিযানের মাধ্যমে ট্যাংকারগুলো চীনের উদ্দেশে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি এই পরিকল্পনার কথা প্রকাশ করেছে। স্যাটেলাইট চিত্র, জাহাজ চলাচলের তথ্য এবং ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের প্রধান তেল রফতানি টার্মিনাল খার্গ দ্বীপের কাছে জাহাজগুলো জড়ো করা হচ্ছে। উল্লেখ্য, দেশটির মোট অপরিশোধিত তেল রফতানির প্রায় ৮৫ থেকে ৯০ শতাংশই এই টার্মিনালের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে।

স্যাটেলাইট চিত্র ও জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ট্যাংকারগুলোতে নাবিকরা অবস্থান করছেন এবং সেগুলোতে ইরানের পতাকা উড়ছে। তবে এই বহর পাঠানোর পরিকল্পনার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি তেহরান কর্তৃপক্ষ।

এদিকে, মার্কিন অবরোধের বিরুদ্ধে নিজেদের অবস্থান আরও কঠোর করেছেন ইরানি কর্মকর্তারা এবং অবরোধ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কড়া জবাব দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, ‘অবরোধ একটি সামরিক পদক্ষেপ। সামরিক পদক্ষেপের জবাবও সামরিকভাবেই দেওয়া হবে’।

মন্তব্য করুন