ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

সৌদির পশ্চিমাঞ্চলে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় ধ্বংস

প্রকাশিত: 22 November 2026, 6:05 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

সৌদি আরবের পশ্চিমাঞ্চল লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি।

তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে ব্যবহার করে ক্ষেপণাস্ত্রটি আকাশে ধ্বংস করা হয়েছে।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, সৌদি আরবের পশ্চিমাঞ্চল লক্ষ্য করে হুথি মিলিশিয়াদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

সৌদি আরবের পশ্চিমাঞ্চলে দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো রয়েছে। এর মধ্যে অপরিশোধিত তেল রপ্তানির প্রধান স্থাপনা ইয়ানবু টার্মিনাল এবং ইয়েমেন সীমান্তের কাছাকাছি দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত জাজান তেল শোধনাগার উল্লেখযোগ্য।

গত কয়েক সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর, সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ তেল অবকাঠামো লক্ষ্য করে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে হুথি যোদ্ধারা।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে দীর্ঘদিন ধরে জোরালো সমর্থন দিয়ে আসছে সৌদি আরব। দেশটি বর্তমানে বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত।

সৌদি কর্তৃপক্ষের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর থেকে শুরু করে এখন পর্যন্ত হুথিদের বিভিন্ন হামলায় দেশটিতে মোট ২৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ২৩ জনই বিমানবন্দরগুলোতে চালানো হামলায় প্রাণ হারিয়েছেন।

সর্বশেষ গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হুথিদের চালানো হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের বাণিজ্যিক এলাকায় অবস্থিত পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তরের ভবনের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়।

এ ছাড়া চলতি মাসের শুরুতে হুথিদের আরেকটি বড় হামলায় সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর মালিকানাধীন একটি আকাশচুম্বী ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

মন্তব্য করুন