নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল (মিটফোর্ড) সংলগ্ন এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) হত্যাকাণ্ডের ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৭ জনে।
গত ৯ জুলাই, মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্য দিবালোকে পাথর দিয়ে নারকীয়ভাবে হত্যা করা হয় সোহাগকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক জনরোষ ও ক্ষোভ তৈরি হয়।
ঘটনার পর ১১ জুলাই নিহতের বোন রাজধানীর কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামি হিসেবে অভিযুক্ত করা হয়।
দেশের বিভিন্ন অঞ্চলে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সবার একটাই দাবি—অবিলম্বে খুনিদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি।
এ বিষয়ে সংশ্লিষ্ট উপদেষ্টারা জানিয়েছেন, সরকার এ ঘটনায় দ্রুত আইনানুগ ব্যবস্থা নিচ্ছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।











