মেট্রোরেল প্রকল্পে ১৮৫ কোটি টাকা সাশ্রয়

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মেট্রোরেলের মতিঝিল-কমলাপুর অংশে ইলেকট্রো-মেকানিক্যাল কাজে প্রায় ১৮৫ কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের নির্দেশে সফল দর-কষাকষির মাধ্যমে এ অর্থ সাশ্রয় সম্ভব হয়েছে।

২০১৮ সালের জুনে জমা দেওয়া দরপত্র অনুযায়ী মারুবেনি–এল অ্যান্ড টি কনসোর্টিয়ামকে কাজটি সম্প্রতি প্রদান করা হয়েছে। সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (আরডিপিপি)-এর দ্বিতীয় সংশোধনীতে এ খাতে ২৭৪ কোটি টাকা বরাদ্দ ছিল। তবে দরপত্র মূল্যায়ন শেষে ৪৬৫ কোটি টাকায় চুক্তি সম্পন্ন হয়, যার ফলে প্রায় ১৮৫ কোটি টাকার নিট সাশ্রয় সম্ভব হয়েছে।

জুলাই ২০২৩ সালে একই কাজের জন্য মারুবেনির প্রস্তাবিত দর ছিল প্রায় ৬৫০ কোটি টাকা। কিন্তু অন্তর্বর্তী সরকার ব্যয় কমানোর নীতি অনুসরণ করে নতুন দর-কষাকষির মাধ্যমে খরচ কমিয়ে আনে। পাশাপাশি এক বছর ডিফ্যাক্ট নোটিফিকেশন পিরিয়ড (ডিএপি) বৃদ্ধির সুবিধাও পাওয়া গেছে।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত একই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করায় সিস্টেম ইন্টিগ্রেশনে সুবিধা হবে।

এছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পূর্ববর্তী আন্দোলনে ক্ষতিগ্রস্ত মেট্রোরেলের কাজিপাড়া ও মিরপুর–১০ স্টেশনগুলো মাত্র আড়াই মাসে ১৮ কোটি টাকায় মেরামত করা হয়— যেখানে পূর্ববর্তী সরকারের সময়ে একই কাজের জন্য ৩৫০ কোটি টাকা ও এক বছরের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।

বর্তমানে মেট্রোরেলে পিক–আওয়ারে ট্রেনের ব্যবধান ৮ মিনিট থেকে কমিয়ে ৬ মিনিট করা হয়েছে এবং ডিসেম্বরের মধ্যে তা ৫ মিনিটে নামানোর পরিকল্পনা রয়েছে। পরিষেবা সময়ও এক ঘণ্টা বাড়ানো হয়েছে।

ভাড়া–বহির্ভূত আয় বাড়াতে স্টেশন ও ট্রেনে বাণিজ্যিক স্পেস, ব্যাংক, এটিএম বুথ এবং ডিজিটাল বিজ্ঞাপন সংক্রান্ত চুক্তিগুলো চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে ১০ মেগাওয়াট ক্ষমতার সোলার প্যানেল স্থাপনের চুক্তিও শিগগির স্বাক্ষরিত হবে।

মন্ত্রণালয় জানায়, প্রতিটি প্রকল্পে ব্যয় সাশ্রয়ের জন্য নকশা সংশোধন, দর বিশ্লেষণ এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে তুলনা করে সর্বনিম্ন প্রাক্কলন নির্ধারণের কাজ চলমান।

একই সঙ্গে কর্মকর্তাদের প্রশিক্ষণ, স্থানীয় শিল্পের বিকাশ ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে ডিএমটিসিএলের সক্ষমতা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে।