অনলাইন ডেস্ক:
লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ারের অন্তিম পর্যায়ের সূচনা হয়েছে আরও একটি প্রমাণ দিয়ে। সেরাদের তালিকায় এখন আর মেসির নাম নেই। দুই-এক বছর আগেও যেখানে মেসি থাকতেন, সেখানে এখন তার জায়গা দখল করেছেন অন্য তারকারা। সর্বশেষ, ফিফপ্রো বিশ্বসেরা একাদশ থেকেও বাদ পড়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। ২০০৬ সাল থেকে টানা ১৭ বছর ফিফপ্রোর সেরা একাদশে জায়গা পাওয়ার পর, ২০২৪ সাল থেকে মেসিবিহীন নতুন ভার্সন শুরু হয়েছে।
ফিফপ্রো সেরা একাদশে মেসির জায়গা দখল করেছেন বর্তমান ফুটবল বিশ্বের তারকারা। আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপে ও ভিনিসিয়ুস জুনিয়ররা তাদের স্থান নিশ্চিত করেছেন। তবে শুধু মেসিই নয়, সেরা একাদশে জায়গা পাননি ক্রিশ্চিয়ানো রোনালদোও। ২০২৩ সালের ব্যালন ডি’অর তালিকায়ও তাদের উপস্থিতি ছিল না, তবে এই দুই কিংবদন্তির নাম ফিফপ্রো সেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় ছিল।
ফিফপ্রো সেরা একাদশের এবারের সংস্করণে ইউরোপের ক্লাবগুলো—রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি—প্রধান ভূমিকা পালন করেছে। রিয়াল মাদ্রিদ থেকে ৬ জন এবং ম্যানসিটি থেকে ৪ জন ফুটবলার জায়গা পেয়েছেন। রিয়াল মাদ্রিদের ফুটবলারদের মধ্যে রয়েছেন: দানি কারভাহাল, আন্তোনিও রুডিগার, জুড বেলিংহ্যাম, কিলিয়ান এমবাপে এবং ভিনিসিয়ুস জুনিয়র। ম্যানচেস্টার সিটি থেকে ৪ জন ফুটবলার—এডারসন, কেভিন ডি ব্রুইনা, আরলিং হালান্ড এবং রদ্রি—পেয়েছেন এই সম্মান।
এবারের ফিফপ্রো একাদশে স্থান পাওয়া নতুন মুখ হিসেবে দেখা গেছে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার দানি কারভাহাল, আন্তোনিও রুডিগার, ম্যানসিটির গোলরক্ষক এডারসন এবং মিডফিল্ডার রদ্রি। সবচেয়ে বেশি ভোট পেয়েছেন জুড বেলিংহ্যাম, যিনি ১১ হাজার ১৭৬টি ভোট পেয়েছেন।
পুরুষদের বিশ্বসেরা একাদশ:
গোলরক্ষক: এডারসন (ম্যানসিটি, ব্রাজিল)
ডিফেন্ডার: দানি কারভাজাল (রিয়াল মাদ্রিদ, স্পেন), ভিরগিল ফন ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস), আন্তোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ, জার্মানি)
মিডফিল্ডার: জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), কেভিন ডি ব্রুইনা (ম্যানসিটি, বেলজিয়াম), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ, জার্মানি), রদ্রি (ম্যানসিটি, স্পেন)
ফরোয়ার্ড: আরলিং হালান্ড (ম্যানসিটি, নরওয়ে), কিলিয়ান এমবাপে (পিএসজি/রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল)
নারীদের বিশ্বসেরা একাদশ:
গোলরক্ষক: মেরি ইয়ার্পস (ম্যানচেস্টার ইউনাইটেড/পিএসজি, ইংল্যান্ড)
ডিফেন্ডার: লুসি ব্রোঞ্জ (বার্সেলোনা/চেলসি, ইংল্যান্ড), ওলগা কারমোনা (রিয়াল মাদ্রিদ, স্পেন), অ্যালেক্স গ্রিনউড (ম্যানসিটি, ইংল্যান্ড)
মিডফিল্ডার: আইতানা বনমাতি (বার্সেলোনা, স্পেন), অ্যালেক্সিয়া পুটেলাস (বার্সেলোনা, স্পেন), কেইরা ওয়ালশ (বার্সেলোনা, ইংল্যান্ড)
ফরোয়ার্ড: বারব্রা বান্দা (সাংহাই শেংলি/অরল্যান্ডো প্রাইড, জাম্বিয়া), লিন্ডা কেসেডো (রিয়াল মাদ্রিদ, কলম্বিয়া), লরেন জেমস (চেলসি, ইংল্যান্ড), মার্তা (অরল্যান্ডো প্রাইড, ব্রাজিল)
এবারের ফিফপ্রো সেরা একাদশে পুরুষদের মতো নারীদের একাদশও নির্বাচিত হয়েছে, যেখানে বিশ্বের ৭০টি দেশের ২৮ হাজারের বেশি ফুটবলার ভোট দিয়েছেন।











