নিজস্ব প্রতিবেদক:
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ‘শান্তিচুক্তি’র এক মাস পার না হতেই আবারো সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে নিউমার্কেট–সায়েন্সল্যাব এলাকায় কয়েক দফা উত্তেজনা ও ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে ঢাকা কলেজের ৮–১০ জন শিক্ষার্থী লাঠি হাতে আইডিয়াল কলেজের কয়েক শিক্ষার্থীকে ধাওয়া করলে প্রথম সংঘর্ষ শুরু হয়। দু’পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়া ও ধাওয়া–পাল্টা ধাওয়া চলতে থাকলে নিউমার্কেট থানা পুলিশ এসে উভয় পক্ষকে নিজ নিজ ক্যাম্পাসে পাঠিয়ে দেয়। এ সময় আইডিয়াল কলেজের শিক্ষার্থী আদনান (১৭)–কে আটক করা হলেও পরে পরীক্ষা উপলক্ষে কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
এর কিছুক্ষণ পর সকাল ১০টা ২০ মিনিটে সায়েন্সল্যাব এলাকায় দিয়ে যাওয়ার সময় ঢাকা কলেজের একটি বাসে আইডিয়াল কলেজের ১০–১২ জন শিক্ষার্থী হামলা চালায়। এতে তিন–চারজন ঢাকা কলেজ শিক্ষার্থী আহত হন।
ঘটনার জেরে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা কলেজের ১০০–১২০ জন শিক্ষার্থী একত্র হয়ে আইডিয়াল কলেজের সামনে গিয়ে লাঠিসোটা নিয়ে পাল্টা হামলা চালায়। আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে আশ্রয় নিলেও এর পরও উভয় পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া অব্যাহত থাকে।
পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুইটি সাউন্ড গ্রেনেড ও পাঁচটি টিয়ারশেল নিক্ষেপ করা হয়। সংঘর্ষে এক পুলিশ সদস্য আহত হয়ে ল্যাবএইড হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলে আসছে। প্রায়ই এসব সংঘর্ষে নিউমার্কেট–সায়েন্সল্যাব এলাকায় তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়। গত ৯ নভেম্বর নিউমার্কেট থানার মধ্যস্থতায় শিক্ষার্থীরা মৌখিকভাবে ‘শান্তিচুক্তি’ করলেও তা মাত্র এক মাসের ব্যবধানে ভঙ্গ হলো।











