ময়মনসিংহে আনন্দ মোহন কলেজে ছাত্রদের আন্দোলনে সংঘর্ষে আহত ১০, কলেজ বন্ধ ঘোষণা

জেলা প্রতিনিধি :

ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শিক্ষার্থীদের দাবির মধ্যে সিট চার্জ কমানো অন্যতম ছিল। অভিযোগ রয়েছে, অন্য কলেজগুলোতে যেখানে সিট চার্জ ৫ হাজার টাকা, সেখানে আনন্দ মোহন কলেজের শিক্ষার্থীদের ৭ হাজার টাকা দিতে হয়। এ নিয়ে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও কোনো সমাধান হয়নি।

শিক্ষার্থীদের দাবি ছিল, অধ্যক্ষ তাদের সঙ্গে আলোচনায় বসবেন। তবে অভিযোগ উঠেছে, অধ্যক্ষ শিক্ষার্থীদের বদলে সমন্বয়কদের সঙ্গে বৈঠক করেন। এর জেরে শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয়কদের বাকবিতণ্ডা থেকে সংঘর্ষের সৃষ্টি হয়।

সংঘর্ষের পরপরই কলেজ কর্তৃপক্ষ কলেজ ও ছাত্রাবাস তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান জানান, ঘটনার পর পুলিশ ও সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।