যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ এবং এর আশপাশের এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে।
ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। গণবিজ্ঞপ্তিটি গত ৪ জুন জারি করা হলেও তা প্রকাশ করা হয়েছে রোববার রাতে। নির্দেশনাটি সোমবার (৯ জুন) থেকে কার্যকর হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় পড়া এলাকাগুলোর মধ্যে রয়েছে:
-
বাংলাদেশ সচিবালয়
-
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’
-
হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়
-
কাকরাইল মসজিদ মোড়
-
অফিসার্স ক্লাব মোড়
-
মিন্টু রোড এলাকা
ডিএমপি জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
